গুয়াহাটিতে বাংলাদেশ মিশন ঘেরাও, উগ্রবাদী হিন্দুদের সহিংস বিক্ষোভ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:১১ এএম
ভারতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে লক্ষ্য করে উগ্রবাদী হিন্দু সংগঠনগুলোর সহিংস বিক্ষোভ ও বাংলাদেশবিরোধী তৎপরতা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় শনিবার গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেছে কয়েকটি উগ্রবাদী হিন্দু সংগঠন।
কূটনৈতিক সূত্র জানায়, তথাকথিত ‘হিন্দু নির্যাতনের’ অভিযোগ তুলে আসামের হিন্দু যুব ছাত্র পরিষদ, রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্ট ও হিন্দু ঐক্য মঞ্চের ব্যানারে কয়েকশ বিক্ষোভকারী গেরুয়া পতাকা হাতে মিশনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এ সময় তারা অখণ্ড হিন্দু রাষ্ট্র গঠন ও বাংলাদেশবিরোধী উসকানিমূলক স্লোগান দেয়। পুলিশ বাধা দিলে তারা রাস্তা অবরোধ করে সমাবেশ করে।
সমাবেশে উগ্রবাদী নেতারা বাংলাদেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ভারতের মোদি সরকারের প্রতি আহ্বান জানায়। পাশাপাশি কথিত হিন্দু নির্যাতনের দায় চাপিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়। কর্মসূচির শেষে বিক্ষোভকারীরা বাংলাদেশ মিশনে একটি স্মারকলিপিও প্রদান করে।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর রাতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। সে সময় বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় বাংলাদেশ সরকার কড়া প্রতিক্রিয়া জানিয়ে ভারতে অবস্থিত সব বাংলাদেশ মিশনের নিরাপত্তা নিশ্চিতের দাবি তোলে এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়।
এরপর মুম্বাই, কলকাতা ও আগরতলায় বাংলাদেশ মিশন ঘিরে সহিংসতা চালানো হয় এবং শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার জ্বালিয়ে দেওয়া হয়। এসব ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ ভারতীয় নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করে দেয়। সব মিলিয়ে ঢাকা-দিল্লি সম্পর্কে চরম উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছে।