বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার জন্য শোক ও দোয়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৪৫ এএম
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ। এ উপলক্ষে তিনি ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যান, শোকবইয়ে স্বাক্ষর করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
বাংলাদেশ হাইকমিশন ও পাকিস্তান প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা যায়, সফরকালে শাহবাজ শরিফ বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহানের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে সমবেদনা জানান।
এ সময় হাইকমিশনের প্রেস কাউন্সেলর মো. তৈয়ব আলী এবং কাউন্সেলর (কনস্যুলার) সরদার মোহাম্মদ নোমানুজ্জামান উপস্থিত ছিলেন। পাশাপাশি পাকিস্তানের ফেডারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমিও সেখানে উপস্থিত ছিলেন।
শোকবইয়ে স্বাক্ষরকালে শাহবাজ শরিফ বেগম খালেদা জিয়াকে একজন দূরদর্শী নেতা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জনসেবায় নিবেদিত এই নেত্রী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্থায়ী ও অনুপ্রেরণাদায়ক উত্তরাধিকার রেখে গেছেন। একই সঙ্গে পাকিস্তানের একজন আন্তরিক বন্ধু হিসেবেও তার ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।
শোকবার্তা শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ সময় তিনি মরহুমার পরিবার, গুণগ্রাহী ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এছাড়া দুই দেশের সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে শাহবাজ শরিফ ভবিষ্যতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টার প্রতিও শুভেচ্ছা জানান।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ এবং বাংলাদেশ হাইকমিশনে এসে শোকবইয়ে স্বাক্ষর করার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহান পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।