ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা সীমিত করল বাংলাদেশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া সীমিত করেছে বাংলাদেশ। ভারতের একাধিক শহরে অবস্থিত বাংলাদেশি উপদূতাবাসগুলোতে এই ভিসা সেবা কমানো হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশের উপদূতাবাস থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া বর্তমানে সীমিত রাখা হয়েছে। এর আগে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার অফিস থেকেও ভিসা দেওয়া বন্ধ রাখা হয়। ফলে বর্তমানে কেবল গুয়াহাটিতে অবস্থিত অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার অফিস থেকেই সীমিত আকারে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশি উপদূতাবাসগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার থেকেই পর্যটক ভিসা সেবা সীমিত করা হয়েছে। কর্মকর্তারা আরও জানান, পর্যটক ভিসা সীমিত থাকলেও বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা কার্যক্রম চালু রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত চারটি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে। একই সময় ঢাকায় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়। এর জেরে ভারত কয়েকদিনের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে।

বিবিসির তথ্য অনুযায়ী, পরে ভিসা সেন্টারগুলো চালু হলেও ভারত সরকার মেডিকেল ভিসা ও কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা ইস্যু আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970