শেষ চার মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি: মাহফুজ আলম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:১১ পিএম
মন্ত্রণালয়ের শেষ চার মাস তাকে কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি অডিটোরিয়ামে ‘রাষ্ট্র পুনর্গঠন ও গণভোট’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
মাহফুজ আলম বলেন, শহিদ ওসমান হাদির শাহাদাতের পর তিনি সাধারণত বাসা থেকে বের হন না। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে তিনি বলেন, সত্য কথা বলার কারণেই মন্ত্রণালয়ের শেষ চার মাস তাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি।
সাবেক এই উপদেষ্টা বলেন, অল্প কিছু মানুষের সুবিধার জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়নি, এটি হয়েছে সবার পরিবর্তনের জন্য। কিন্তু বাস্তবে রাষ্ট্র সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, দেশেই দালালরা সম্পদ গড়ে তুলেছে, মিডিয়া নিয়ন্ত্রণ করছে, অথচ এসব বিষয়ে কোনো পরিবর্তন আসেনি। রাঘববোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
মাহফুজ আলম আরও বলেন, পুরোনো বন্দোবস্তের লোকদের বহাল রেখে নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তোলা সম্ভব নয়। শেষ চার মাস তাকে কাজ করতে না দেওয়ার ফলে রাষ্ট্র সংস্কারের সুযোগ নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এসময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া অনেকেই এখন উল্টো পথে হাঁটছে। নতুন বন্দোবস্তের কথা বললেও বাস্তবে অনেকেই পুরোনো রাজনৈতিক শক্তির সঙ্গে আঁতাত করেছে বলেও অভিযোগ করেন মাহফুজ আলম।
সম্পদের পুনর্বণ্টনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা থাকলেও বাস্তবে বিপরীতমুখী বক্তব্য ও আচরণ দেখা যাচ্ছে। ক্ষমতার কাঠামো পুনর্বিন্যাসের পাশাপাশি জমি ও সম্পদের বণ্টন নিয়েও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে দলাদলি পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী না হলে কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার সম্ভব হবে না এবং এ চ্যালেঞ্জ মোকাবিলার দায়িত্ব তরুণদেরই নিতে হবে।