দক্ষিণ এশিয়ায় ৫ম, বিশ্বের ৭ম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম

ছবি: সংগৃহীত

বিশ্বের পাসপোর্ট র‍্যাংকিংয়ে সপ্তম দুর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট। হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের জানুয়ারির হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পাসপোর্ট পঞ্চম দুর্বল হিসেবে স্থান পেয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারস তাদের সর্বশেষ পাসপোর্ট ইনডেক্স প্রকাশ করে। এতে দেখা যায়, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের মাত্র ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

হেনলি পাসপোর্ট ইনডেক্সের তালিকায় মোট ১০১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৫তম। এর আগের বছর, ২০২৫ সালের জানুয়ারির সংস্করণে ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। অর্থাৎ র‍্যাংকিংয়ে কিছুটা উন্নতি হলেও এখনও তলানির দিকেই রয়েছে দেশের পাসপোর্ট।

ভিসামুক্ত ভ্রমণের সুযোগের ভিত্তিতে এই র‍্যাংকিং প্রস্তুত করা হয়, যেখানে একটি দেশের নাগরিকরা কতটি গন্তব্যে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন—তা বিবেচনায় নেওয়া হয়।

র‍্যাংকিংয়ে এবারও এককভাবে শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ১৯২টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পান।

তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন। চতুর্থ অবস্থানে থাকা অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড ও নরওয়ে ১৮৫টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পাচ্ছেন।

পঞ্চম অবস্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের নাগরিকরা ১৮৪টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

অন্যদিকে পাসপোর্ট র‍্যাংকিংয়ের একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইয়েমেন ও পাকিস্তান। এসব দেশের নাগরিকরা যথাক্রমে মাত্র ২৪ থেকে ৩১টি গন্তব্যে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী মালদ্বীপ। দেশটি তালিকায় ৫২তম অবস্থানে রয়েছে এবং মালদ্বীপের নাগরিকরা ৯২টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

উল্লেখ্য, এবারের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970