৭ আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের, ইসির ‘না’

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৪২ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জোটগত সমঝোতার কারণে সাতটি আসনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ব্যালট পেপার থেকে বাদ দেওয়ার আবেদন করা হলেও তা নাকচ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার না হওয়ায় প্রতীক প্রত্যাহারের সুযোগ নেই বলে জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এক চিঠিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে এ সিদ্ধান্তের কথা জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ১৬(২) অনুচ্ছেদ অনুযায়ী কোনো রাজনৈতিক দল একাধিক প্রার্থী মনোনয়ন দিলে নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে চূড়ান্ত প্রার্থী জানাতে হয়। নির্ধারিত সময়ের পর প্রার্থিতা বা প্রতীক প্রত্যাহারের কোনো সুযোগ নেই।

এর আগে জামায়াতের পক্ষ থেকে ইসিতে পাঠানো আবেদনে জানানো হয়, ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার ভিত্তিতে নরসিংদী-২, চট্টগ্রাম-৮, ভোলা-২, নরসিংদী-৩, নারায়ণগঞ্জ-৩, সুনামগঞ্জ-১ ও চট্টগ্রাম-১২—এই সাতটি আসন জোটের শরিক দলগুলোর প্রার্থীদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তবে সময়মতো মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারায় সংশ্লিষ্ট আসনগুলোতে জামায়াতের মনোনীত প্রার্থীদের নাম ও দাঁড়িপাল্লা প্রতীক ব্যালটে থেকে গেছে।

এ অবস্থায় ব্যালট পেপার থেকে দাঁড়িপাল্লা প্রতীক বাদ দেওয়ার অনুরোধ জানালেও নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি। ফলে জোটের শরিক প্রার্থীদের পাশাপাশি ওই সাত আসনে জামায়াতের প্রার্থীরাও নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970