জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে নির্বাচন কমিশন (আরপিও অনুযায়ী) এই সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
গত মঙ্গলবার রাতের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়া নুরুজ্জামান বাদলকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় জামায়াত নেতাকর্মীদের বরাতে জানা গেছে, নুরুজ্জামান দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাদলের জানাজা অনুষ্ঠিত হবে বুধবার দুপুর আড়াইটায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে এবং বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে।