সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন এটিএম আজহারুল ইসলাম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম
সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন রংপুর-2 (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১২টার দিকে তিনি বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা প্রফেসরপাড়ার নেহার স্কুল কেন্দ্রে ভোট দেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, “অনেক বছর পর ভোট দিলাম। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস দেখেছি।” তিনি আশা প্রকাশ করে বলেন, দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে এবং ১১ দলীয় জোট সরকার গঠন করবে, ইনশাআল্লাহ।
রংপুর-২ আসনে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে অন্যান্য প্রার্থীরা হলেন—জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল, বিএনপির মোহাম্মদ আলী সরকার, ইসলামী আন্দোলনের আশরাফ আলী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর আজিজুর রহমান।
ভোটারদের মতে, এ আসনে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীদের হেভিওয়েট হিসেবে বিবেচনা করা হচ্ছে। জাতীয় পার্টি ও বিএনপির দুই প্রার্থীই সাবেক সংসদ সদস্য। অন্যদিকে জামায়াতের শীর্ষ নেতা হিসেবে এটিএম আজহারুল ইসলামের প্রার্থিতা এ আসনকে বিশেষ গুরুত্ব দিয়েছে। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় জাতীয় পার্টির অবস্থানও তুলনামূলক শক্তিশালী বলে মনে করছেন অনেকে। সব মিলিয়ে আসনটিতে ত্রিমুখী লড়াইয়ের আভাস দেখা যাচ্ছে।
রংপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯২ হাজার ২৮৭ জন, নারী ১ লাখ ৮৮ হাজার ৬২৫ জন এবং হিজড়া ভোটার ৯ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১৩৭টি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর জেলায় মোট ভোটার ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। জেলার ৮৭৩টি কেন্দ্রে ৪ হাজার ৯৮৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণে ৮৭৩ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৫ হাজার ১৮ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ১০ হাজার পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।
সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে রংপুর জেলার কেন্দ্রগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেন্দ্রের বাইরে সিটি কর্পোরেশন, ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে গোয়েন্দা নজরদারি, বডিওর্ন ক্যামেরা ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে।