তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৫:৪২ পিএম

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন সরকার। তাই অযথা তেল মজুত করে লাভবান হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।

বুধবার সচিবালয়ে সরকারের এক মাসের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে না। ফলে পেট্রোল পাম্প মালিক বা অন্য কেউ তেল মজুত করে কোনো ধরনের লাভ করতে পারবে না।

তিনি বলেন, বিশ্ব পরিস্থিতির কারণে দেশ একটি বৈশ্বিক সংকটের মধ্যে পড়েছে। বড় বড় দেশও এই সংকট মোকাবিলায় চাপে রয়েছে। এমন পরিস্থিতিতে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ায় অনেকে প্রয়োজনের বেশি তেল কিনে মজুত করার চেষ্টা করছেন।

জাহেদ উর রহমান বলেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সরকারের নির্ধারিত সরবরাহ ব্যবস্থার বাইরে হঠাৎ অতিরিক্ত চাহিদা তৈরি হলে স্বাভাবিক সরবরাহ ব্যাহত হয়।

তিনি পাম্প মালিকদের উদ্দেশ্যে বলেন, কেউ যদি মনে করেন হঠাৎ তেলের দাম বেড়ে যাবে এবং সে কারণে মজুত করছেন, তাহলে সেটি ভুল ধারণা। কারণ সরকার ইতোমধ্যে নিশ্চিত করেছে—দাম বাড়ছে না।

জ্বালানি সরবরাহে সাময়িক চাপের প্রসঙ্গে তিনি বলেন, ঈদের আগে কয়েক দিনের তেল কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাওয়ার ঘটনা মূলত মানুষের আতঙ্কজনিত আচরণের ফল, এটি সরকারের ব্যবস্থাপনার ব্যর্থতা নয়।

তিনি আরও জানান, সরকার চাইলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম বাড়াতে পারত। কিন্তু জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় সে পথে না গিয়ে বর্তমান মূল্যই ধরে রাখা হয়েছে, যাতে মূল্যস্ফীতি না বাড়ে।

এছাড়া সরকার বর্তমানে বাইরের বাজার থেকে বেশি দামে জ্বালানি ও গ্যাস সংগ্রহ করছে বলেও জানান তিনি। কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি থাকলেও সব সরবরাহ পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সবশেষে তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় জনগণের সচেতনতা জরুরি। অপ্রয়োজনীয় মজুত না করে স্বাভাবিক ব্যবহার বজায় রাখলে সংকট অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970