লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে বিলাসী শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:৫১ পিএম
চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। তবে চিকিৎসার পাশাপাশি তার শপিং ও বিলাসবহুল সফর নিয়ে নানা মহলে আলোচনা তৈরি হয়েছে।
লন্ডন হাইকমিশন সূত্রে জানা গেছে, ফলোআপ চিকিৎসার জন্য পরিবারসহ সরকারি খরচে যুক্তরাজ্যে যান রাষ্ট্রপতি। সেখানে প্রথমে তিনি বিলাসবহুল হোটেল হিলটনে ওঠেন। দুই দিন অবস্থানের পর ক্যামব্রিজে গিয়ে নিউমার্কেট এলাকার বেডফোর্ড লজ রিসোর্টে অবস্থান করেন।
রাষ্ট্রপতি ও তার স্ত্রী রেবেকা সুলতানা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে হৃদরোগের ফলোআপ চিকিৎসা নেন। চিকিৎসা শেষে বৃহস্পতিবার আবার লন্ডনে ফেরেন তারা।
লন্ডন হাইকমিশনের এক কর্মকর্তা জানান, শুক্রবার জুমার নামাজে অংশ নেওয়ার প্রস্তুতি থাকলেও হঠাৎ শপিংয়ে বের হন রাষ্ট্রপতি। তার প্রটোকল দায়িত্বে থাকা অনেক কর্মকর্তা এ কারণে জুমার নামাজ আদায় করতে পারেননি বলেও জানা গেছে।
এছাড়া রাষ্ট্রপতির সফর ও চলাচলের জন্য সাতটি বিলাসবহুল গাড়ি ভাড়া করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এসব গাড়ি সফরসঙ্গীদের ব্যবহারের জন্যও রাখা হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
রাষ্ট্রপতির এই ৯ দিনের সফরে প্রায় দুই ডজন সফরসঙ্গী রয়েছেন বলে জানা গেছে। এমন সময়ে এই ব্যয়বহুল বিদেশ সফর নিয়ে সমালোচনা উঠেছে, যখন সরকার ব্যয় সংকোচনের নানা পদক্ষেপ নিয়েছে এবং বিভিন্ন খাতে খরচ কমানোর চেষ্টা চলছে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু গত ৯ মে মেডিকেল চেকআপের জন্য লন্ডনে যান। আগামীকাল রোববার তার দেশে ফেরার কথা রয়েছে।