প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:৪৫ পিএম
প্রাথমিক শিক্ষকদের বেতন ধাপে ধাপে বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সরকারি ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ করা হবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় শিক্ষা খাতে অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও মানবসম্পদ উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
কৃষি খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কৃষিভিত্তিক বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সনাতনী কৃষি ব্যবস্থার পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ছাড়া চীনে বাংলাদেশ থেকে কাঁঠাল রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় শেয়ারবাজারে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের ফলে দেশের পুঁজিবাজার ধীরে ধীরে ইতিবাচক অবস্থায় ফিরে আসছে বলেও তিনি উল্লেখ করেন।ৃ