নতুন ভিসানীতি চূড়ান্তে অর্থমন্ত্রীর নেতৃত্বে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৭:০৬ পিএম
দেশের নতুন ভিসানীতির খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করতে অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে আট সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত খসড়া আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে।
মঙ্গলবার (৭ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘ভিসা পলিসি-২০২৬’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি ‘ভিসা পলিসি-২০২৬’-এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে চূড়ান্ত করবে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আয়োজন করবে। এ কমিটিকে সচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া, কমিটির সুপারিশ অনুযায়ী পরিমার্জিত ভিসানীতির খসড়া আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, গত ২ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘ভিসা পলিসি-২০২৬’-এর খসড়া উপস্থাপন করা হয়েছিল। ওই বৈঠকেই খসড়াটি আরও পরিমার্জনের জন্য একটি মন্ত্রিসভা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।