অনার্স পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়াশোনার পরিকল্পনা, মেধাবীরা পাবে বৃত্তি: প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৭:২৩ পিএম
স্নাতক (অনার্স) পর্যন্ত মেয়েদের বিনা বেতনে শিক্ষার সুযোগ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে এসব পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।
সংসদ সদস্য হেলেন জেরিন খানের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিএনপি সরকার নারী শিক্ষার প্রসারের পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকার মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ চালু করেছিল। সেই উদ্যোগকে আরও সম্প্রসারণ করে এবার ডিগ্রি বা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনা বেতনে করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় সংসদের দর্শক গ্যালারিতে উপস্থিত নারী শিক্ষার্থীরাও এই অধিবেশন সরাসরি দেখছেন। অনার্স পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগের পাশাপাশি যেসব শিক্ষার্থী ভালো ফলাফল করবে, তাদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে।
অন্যদিকে, মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, দেশে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করবে।