ভূমিকম্পে ইট আর মাটিতে চাপা পড়ে ৬ জনের মৃত্যু, আহত শতাধিক

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা তীব্র ভূমিকম্পে অন্তত ছয়জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পে আতঙ্কে ঘরবাড়ি ও ভবন থেকে বের হওয়ার সময় এবং দেয়াল ধসে আহত হয়েছেন শতাধিক মানুষ।

ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষজন ঘর ছাড়তে ছুটতে গিয়ে বিভিন্ন স্থানে দেয়াল ধস, ফাটলসহ নানা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মঈনুল আহসান জানান, ঢাকায় তিনজনের মৃত্যু এবং শতাধিক আহতের খবর পাওয়া গেছে। সব হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে এবং পরিস্থিতি স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় সরাসরি তদারকি করছে।

ঢাকার নিহতদের একজন পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের পরিচয় অজানা। রাজধানীর বাইরে নরসিংদীতে দুইজন এবং নারায়ণগঞ্জে এক শিশুর মৃত্যু হয়েছে। নরসিংদীর গাবতলীতে দেয়াল ধসে ১০ বছর বয়সী ওমর এবং পলাশ উপজেলায় মাটির দেয়াল ধসে এক বৃদ্ধার মৃত্যু হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল চাপায় এক বছরের শিশু ফাতেমা মারা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন নিহত হয়েছেন। মৃতদের একজন কলেজের ৫২তম ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম। তার মা-সহ আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত শতাধিক মানুষ আহত হয়েছেন- যাদের অনেকের অবস্থাই সংকটজনক।

আনঅফিসিয়াল তথ্যে জানা গেছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন করে আহত ভর্তি রয়েছেন। গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১০ জন চিকিৎসা নিচ্ছেন। নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ জন আহত ভর্তি হন—যাদের মধ্যে তিনজনকে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় রেফার করা হয়েছে। এছাড়া ১০০ বেড হাসপাতালেও ১০ জন আহত আছেন।

গাজীপুরে আতঙ্কে ছুটোছুটিতে আহত শতাধিক শ্রমিক:

ভূমিকম্পের সময় গাজীপুরের শ্রীপুরে শিল্প কারখানাগুলোতে হুড়োহুড়ি করে নামার চেষ্টা করতে গিয়ে শতাধিক পোশাক শ্রমিক আহত হন। শ্রীপুরের গড়গরিয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিমেক কারখানা ও নগরীর ইটাহাটা এলাকার কোস্ট টু কোস্ট কারখানায় ভবন দুলতে শুরু করলে শ্রমিকরা দ্রুত নিচে নামার চেষ্টা করেন। এতে পদদলিত হয়ে অনেকেই আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর কয়েকজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।

ডেনিমেক কারখানার শ্রমিকরা জানান, সাততলা ভবনের বিভিন্ন ফ্লোরে কাজ চলার সময় ভূমিকম্প শুরু হলে ভবন কেঁপে ওঠে। সাইরেন বাজতেই শ্রমিকরা আতঙ্কে ছুটতে শুরু করেন, এতে বেশ কয়েকজন আহত হন।

এ ছাড়া ভূমিকম্পের পর গাজীপুর মহানগরীর টঙ্গী, জয়দেবপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ ও কাপাসিয়া এলাকায় মোবাইল নেটওয়ার্কে ব্যাপক চাপ সৃষ্টি হয়। কলড্রপ ও নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়।

গাজীপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন জানান, বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও হুড়োহুড়িতে কিছু শ্রমিক আহত হয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970