ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১০:১৩ এএম
দুই দিনের সরকারি সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার সকালে ঢাকা ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ভুটানের প্রধানমন্ত্রীর বহনকারী বিশেষ বিমানটি সকাল ৮টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তাকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী শেরিং তোবগেকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়।
সফরকালে বাংলাদেশ ও ভুটান দুটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে—একটি স্বাস্থ্যসেবা সহযোগিতা এবং অন্যটি ইন্টারনেট সংযোগ বিষয়ে। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তার সফরসূচিতে উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ, সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকও অন্তর্ভুক্ত ছিল।