বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে: প্রেস সচিব
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১১:২১ এএম
বাউল সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “যারা বাউলদের ওপর হামলা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী মানিকগঞ্জসহ যেসব এলাকায় হামলা হয়েছে সেখানে সাঁড়াশি অভিযান চলছে। খুব শিগগিরই এর ফলাফল জানা যাবে।”
দুর্নীতি প্রসঙ্গে প্রেস সচিব বলেন, বর্তমানে অধিকাংশ বড় দুর্নীতি আইটি সাপোর্টের মাধ্যমে সংঘটিত হচ্ছে। দেশে ক্যাশলেস লেনদেন বাড়ায় ক্লিকের মাধ্যমে মুহূর্তেই লাখ লাখ টাকা বিদেশে পাচার হওয়ার ঘটনাও ঘটছে।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশনকে আরও কার্যকর করতে উপদেষ্টা পরিষদের নির্দেশনায় একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনের প্রতিবেদনের আলোকে ‘দুর্নীতি দমন আইন সংশোধন অধ্যাদেশ ২০২৫’ এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। শেখ হাসিনার আমলে দুর্নীতির বিস্তার রোধে নতুন আইনে কড়া কাঠামো রাখা হয়েছে বলেও উল্লেখ করেন প্রেস সচিব।
অধ্যাদেশটির খসড়ায় থাকা ওভারসাইট বডি বাদ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমাদের দেশে দুর্নীতি স্তরে স্তরে ছড়িয়ে আছে। নতুন একটি তদারকি বডি করলে সেখানেও দুর্নীতি ঢুকে পড়তে পারে— এ বিবেচনায় বিষয়টি বাদ দেওয়া হয়েছে।”
নতুন আইনে পাঁচজন কমিশনার রাখার কথা বলা হয়েছে, যার মধ্যে দু–একজনের আইটি ব্যাকগ্রাউন্ড থাকা বাধ্যতামূলক। একজন নারী কমিশনারও থাকবেন। এছাড়া কমিশনের কাজের প্রতিবেদন প্রতি ছয় মাসে অনলাইনে প্রকাশ করতে হবে এবং কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে।
এ ছাড়া দেশে সব ধরনের ভবন নির্মাণ কোড মেনে হচ্ছে কিনা তা নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ গঠন করা যায় কিনা— তা খতিয়ে দেখতে গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব জানান, গ্রামের প্রত্যন্ত এলাকায় বড় বড় ভবন নির্মাণের উদাহরণ দিয়ে প্রধান উপদেষ্টা নিয়মশৃঙ্খলা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।