আইসিইউতে খালেদা জিয়া, চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ হোসেন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ বলেন, আইসিইউতে অবস্থানরত খালেদা জিয়ার চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা একযোগে কাজ করছেন। তিনি চিকিৎসার প্রতি রেসপন্স করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তিনি আরও জানান, মেডিকেল বোর্ড অনুমোদন দিলে যেকোনো সময় খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হতে পারে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে।