একাত্তর আমাদের অস্তিত্ব, এর প্রজন্মকে নিকৃষ্ট বলার দুঃসাহস তারা কীভাবে দেখায়: ফখরুল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ এএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তর বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি, আর সেই প্রজন্মকে নিকৃষ্ট বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি প্রশ্ন তুলে বলেন, “একাত্তর আমাদের অস্তিত্ব। আজ পত্রিকায় দেখলাম ১৯৭১ সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহসে তারা এমন দুঃসাহস দেখায়, এ ধরনের ঔদ্ধত্য দেখায়?”
বৃহস্পতিবার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, বিএনপি জনগণের দল, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল এবং গণতান্ত্রিক সংগ্রামের ধারক।
নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, “আমাদের নেতা তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তিনি যেদিন বাংলাদেশে পা রাখবেন, সেদিন যেন গোটা বাংলাদেশ কেঁপে ওঠে—সেই প্রস্তুতি নিতে হবে।” তার বক্তব্যে উঠে আসে, বিএনপি দেশের চেহারা বদলে দিতে চায় এবং একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে চায়।
তিনি আরও বলেন, “এখন আমাদের সংগ্রাম এই নির্বাচনে জয় লাভের সংগ্রাম। পুরোপুরিভাবে জিততে হবে, যাতে দেশকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ পাই। বাধা আসবে, অপপ্রচার চলবে কিন্তু সেসব মোকাবিলা করে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।”