২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পিএম
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় শুরু হওয়া ওই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। বৈঠকশেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে তার ফেরার তারিখ নিশ্চিত করেন।
বৈঠকে স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন মির্জা আব্বাসও।
২০০৭ সালের জানুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতারের পর প্রায় দেড় বছর কারাবন্দি ছিলেন তারেক রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়ে একই বছরের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান তিনি। বিএনপির দাবি ছিল, গ্রেফতারের সময় তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন শেষে তিনি সুস্থ হয়ে ওঠেন।
পরে দলটির পক্ষ থেকে জানানো হয়, ২০১২ সালে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে এক বছরের মধ্যেই তা মঞ্জুর হয়। আওয়ামী লীগ সরকারের আমলে একের পর এক ‘মিথ্যা মামলা’র কারণে তার দেশে ফেরা সম্ভব হয়নি বলে বিএনপি নেতারা অভিযোগ করে আসছিলেন। যদিও ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর শিগগিরই দেশে ফেরার কথা শোনা গেলেও দেড় বছর পার হয়ে গেছে।
সম্প্রতি খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তার দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশে ফেরার সিদ্ধান্ত শুধু ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভরশীল নয়; নানা জটিলতা এতে জড়িত। এসব বিতর্কের মধ্যেই এবার সুনির্দিষ্টভাবে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হলো।
এবারই প্রথমবারের মতো বগুড়ার একটি আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তারেক রহমান। দেশে ফিরে ভোটার হিসেবে নিবন্ধন এবং মনোনয়নপত্র দাখিল করবেন বলেও জানিয়েছে বিএনপি।
প্রায় ১৯ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবারের নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে ক্ষমতায় ফিরতে পারে—এমন সম্ভাবনার কথা রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায়, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানই প্রধানমন্ত্রী হতে পারেন—এমন ধারণাও দলের ভেতরে-বাইরে ঘুরে বেড়াচ্ছে।