ইনশাআল্লাহ আমি ২৫ তারিখ দেশে ফিরে যাচ্ছি: তারেক রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইনশাআল্লাহ আগামী ২৫ তারিখ আমি দেশে ফিরে যাচ্ছি। তাই আপনাদের কাছে বিদায় নিতে এসেছি। স্লোগান না দিয়ে সবাই শান্তভাবে বসুন, আসুন আমরা কিছু মতবিনিময় করি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য সময় বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে এক আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আজ ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। দীর্ঘ ১৭-১৮ বছর আপনাদের সঙ্গে প্রবাসে সময় কাটিয়েছি। তবে ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর আমি দেশে ফিরে যাচ্ছি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামনের দিনগুলো সহজ হবে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্য বজায় রাখতে পারলে আমরা আমাদের রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দুমাস পর দেশে একটি গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং দেশের মানুষের সামনে একটি সুস্পষ্ট রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরা বিএনপির অন্যতম দায়িত্ব।

তারেক রহমান আরও বলেন, “আমি কোনো স্বপ্নের মধ্যে নেই, আমি আছি বাস্তবসম্মত পরিকল্পনার মধ্যে। খাদ্যসংকটের কিনারা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে উদ্ধার করেছিলেন। বিএনপি বিশ্বাস করে, আগামী নির্বাচনে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সভা পরিচালনা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

আলোচনা সভায় যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তারেক রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

আয়োজকরা জানান, দেশে ফেরার আগে এটিই লন্ডনে তারেক রহমানের শেষ দলীয় কর্মসূচি। এই আয়োজনের মধ্য দিয়েই তিনি যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। সময় স্বল্পতার কারণে কমিউনিটি ও সুধীজনদের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970