গণমাধ্যমের ওপর হামলা মানে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত: জামায়াত আমির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে জাতীয় ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি গণমাধ্যমের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গণমাধ্যমে হামলা মানে গণতান্ত্রিক চর্চা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছেন। তার এই মৃত্যুর ঘটনায় সারা দেশে শোক, ক্ষোভ ও প্রতিবাদের আবহ তৈরি হয়েছে। দেশপ্রেমিক জনগণ তার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার বিষয়টি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করছে।

ডা. শফিকুর রহমান বলেন, শহীদ ওসমান হাদির শাহাদাতের পর ছাত্র-জনতার মধ্যে যে ক্ষোভ ও আবেগ সৃষ্টি হয়েছে, তা ন্যায্য ও বোধগম্য। তবে এই আবেগকে পুঁজি করে কোনো পক্ষ যদি নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে, তা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হতে পারে।

গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং জনগণের কণ্ঠস্বর প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম। গণমাধ্যমের ওপর হামলা গণতন্ত্র, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

তিনি আরও বলেন, যেকোনো ন্যায়সংগত আন্দোলন শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হওয়া জরুরি। অন্যথায় মূল লক্ষ্য অর্জন ব্যাহত হতে পারে। একই সঙ্গে শহীদ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

বিবৃতির শেষাংশে জামায়াত আমির বলেন, দেশের এই সংকটময় সময়ে সংযম, দায়িত্বশীলতা ও জাতীয় ঐক্যই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা রক্ষা করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970