খুন করে বিপ্লবের চেতনা দমানো যায় না: জামায়াত আমির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ এএম
বিপ্লবীদের হত্যা করে কখনোই বিপ্লবের চেতনা দমানো যায় না, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, শহীদ হাদির শত্রুরা মূলত বাংলাদেশেরই শত্রু। কারণ হাদিরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের নিজস্ব সংস্কৃতির পক্ষে ছিলেন। তারা অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলতেন, যা কিছু মানুষের কাছে অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে।
তিনি আরও বলেন, এই দেশ ও জাতির পাহারাদারি আমাদেরই করতে হবে। আর কোনো শক্তিকে দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না—এটাই ছিল শহীদদের অঙ্গীকার। তারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, কিন্তু কখনো কারও ওপর জুলুম করেনি।
জামায়াত আমির বলেন, শহীদ হাদি আজীবন ইনসাফের কথা বলেছেন। এমনকি শত্রুর ক্ষেত্রেও বেইনসাফি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বিশ্বাস করতেন, অন্যায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ডা. শফিকুর রহমান বলেন, বিপ্লবীদের হত্যা করে বিপ্লবের চেতনাকে দমন করা যায় না; বরং সেই চেতনা আরও বিস্তৃত হয়। গতকালের জানাজায় দেশ-বিদেশের মানুষ মানসিকভাবে সম্পৃক্ত ছিল, যা তারই প্রমাণ।
সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এ পর্যন্ত সরকারের পদক্ষেপে জনগণ সন্তুষ্ট নয়। দ্রুত সময়ের মধ্যে সব সন্দেহের ঊর্ধ্বে উঠে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় দেশের কারও জীবনই নিরাপদ থাকবে না।