শহীদ হাদি ছিলেন আধিপত্যবাদ ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন বীর: শিবির সভাপতি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি ছিলেন আধিপত্যবাদ ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন এক সাহসী যোদ্ধা। তাকে যারা হত্যা করেছে তারা কত বড় ভুল করেছে, তা শহীদ হাদির জানাজা দেখেই উপলব্ধি করতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (রাত) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শহীদ শরিফ ওসমান হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় ‘ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিবির সভাপতি।

জাহিদুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের যে আদর্শিক ভিত্তির ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেখানে একজন হাদিকে হত্যা করে সেই ধারাকে পরিবর্তন করা যাবে না। যারা মনে করে একজন জুলাইযোদ্ধাকে হত্যা করে বাংলাদেশের আগামীর সম্ভাবনাকে দমিয়ে দেওয়া যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, যারা শাহাদাতের আকাঙ্ক্ষায় উজ্জীবিত, তাদের মৃত্যুভয় দেখিয়ে দমানো যায় না। জুলাইযোদ্ধা তরুণ বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না। ইসলামী ছাত্রশিবিরের শত শত শাহাদাতের আদর্শ আজ লক্ষ-কোটি মানুষের প্রেরণার উৎস হয়ে আছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললেই শহীদ হতে হয়েছে। শহীদ শরিফ ওসমান বিন হাদিও সেই ধারাবাহিকতার শিকার।

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, শহীদ হাদি শুধু একটি নাম নয়, তিনি আগ্রাসন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের এক জীবন্ত ইতিহাস। দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে তিনি ছিলেন এক সাহসী কণ্ঠস্বর।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শহীদ ওসমান বিন হাদি আজ সারা বাংলাদেশের মানুষের প্রেরণার বাতিঘর। আগামীর বাংলাদেশে তার আদর্শ চিরজীবী হয়ে থাকবে।

ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের ভাইস-চেয়ারম্যান আমিনুর ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970