নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদেরসহ বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
নিজের রাজনৈতিক দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন সৈয়দ এহসানুল হুদা। এ সময় তাঁর সঙ্গে দলের অন্যান্য নেতাকর্মীরাও বিএনপিতে অন্তর্ভুক্ত হন।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন সৈয়দ এহসানুল হুদা।
নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাঁদের যোগদানে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
যোগদান অনুষ্ঠানে বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা বলেন, বিএনপি একটি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দল। দেশের বর্তমান সংকটময় সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও সঠিক পথে দেশকে এগিয়ে নিতেই তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।