হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিল সিয়াম: জামায়াত আমির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম
রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া বোমার বিস্ফোরণে সিয়াম নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, শহিদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ার খেসারত দিতে হয়েছে নিরীহ সিয়ামকে। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে জামায়াত আমির লিখেছেন, ‘নিহত সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে উত্তম ধৈর্যধারণের তাওফিক দান করুন।’
‘শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে। একটি দুষ্টু চক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।’
‘প্রশাসনকে তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এবং জনগণকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
এর আগে মগবাজারে মুক্তিযোদ্ধা গলির সামনে ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সিয়াম (২০) নামে একজন নিহত হন। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।