খালেদা জিয়া অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ এএম
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অত্যন্ত জটিল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে একটি সংকটময় সময় পার করছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন ডা. জাহিদ। তিনি বলেন, স্বাভাবিকভাবে বলা যাবে না যে তার অবস্থার উন্নতি হয়েছে। বরং তিনি এখনো গুরুতর ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেই রয়েছেন।
ডা. জাহিদ জানান, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি ঘটলে প্রথমে কেবিন থেকে সিসিইউ এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়।
বর্তমানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানান তিনি। এ চিকিৎসা টিমে তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন।
এদিকে শনিবার রাতে আবারও হাসপাতালে গিয়ে মায়ের খোঁজখবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।