এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির একাধিক শীর্ষ নেতা।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমকে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন। একই সঙ্গে আসিফ মাহমুদও সেখানে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন বলে জানা গেছে।
এর আগে, ২৮ ডিসেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতার ভিত্তিতে একত্রে অংশ নেবে এনসিপি।
তিনি স্পষ্ট করে বলেন, জামায়াত ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির কোনো আদর্শিক ঐক্য হয়নি। এটি কেবল একটি নির্বাচনী সমঝোতা। ন্যূনতম কিছু বিষয়ে ঐকমত্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম আরও বলেন, এই সমঝোতা একদিকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, অন্যদিকে সংস্কার, বিচার, আধিপত্যবাদ ও দুর্নীতিবিরোধী ন্যূনতম কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে করা হয়েছে।
এনসিপি নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদের প্রতিশ্রুতি অনুযায়ী দলটি তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে।