দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পিএম
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া হাজারো নেতাকর্মী স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের নেতারা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।
এই উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে সাজানো হয় বর্ণিল সাজে। সকাল থেকেই নয়াপল্টন এলাকায় দলটির বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। তাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।
নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া হয় কঠোর ব্যবস্থা। কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ ছিল নিয়ন্ত্রিত এবং পুরো ভবনটি সিএসএফ সদস্যদের নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা ছিল। পাশাপাশি নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ছিল। তারেক রহমানের আগমনের আগে র্যাবের ডগ স্কোয়াড দিয়ে কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়।
এর আগে, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে রোববার (২৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমবারের মতো দাপ্তরিক কর্মকাণ্ডে অংশ নেন তারেক রহমান। পরদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন।