এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না বলে জানিয়েছে দলটি।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আসিফ মাহমুদকে এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বও পালন করবেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামের পাশে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ।
নাহিদ ইসলাম বলেন, অনলাইনে অনুষ্ঠিত এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আসিফ মাহমুদকে দলীয় মুখপাত্র নিযুক্ত করা হয়েছে। তিনি নিজে নির্বাচনে অংশ নেবেন না; বরং দলের মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সাংগঠনিক ও কৌশলগত কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন।
তিনি আরও বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় এনসিপি ইতোমধ্যেই সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে আসিফ মাহমুদ দলের সংগঠন জোরদার ও নির্বাচনী কৌশল প্রণয়নে নেতৃত্ব দেবেন।