আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আল্লাহকে স্বাক্ষী রেখে তিনি বলতে পারেন—গত ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করেননি।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মিলনায়তনে দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সারা বাংলাদেশকে স্বাক্ষী রেখে তিনি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারেন—কেউ সামনে এসে প্রমাণ করতে পারবেন না যে তিনি কোনো ব্যক্তির কাছ থেকে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করেছেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যারা অতীতে ভোটকেন্দ্র দখল করেছে, ভবিষ্যতেও করতে চায় বা এতে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে—তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ভোটাধিকার হরণ, কেন্দ্র দখল কিংবা প্রশাসন, পুলিশ, ক্যাডার বা অর্থের মাধ্যমে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা হলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, সংস্কার ও ইনসাফপূর্ণ সমাজ গড়তে হলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জোট সরকার গঠন করা হবে। এনসিপিকে বিভাজনের নানা চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
দেবিদ্বারের উন্নয়ন প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, কেউ যদি নির্বাচনকে ঋণ খেলাপি পরিশোধের সুযোগ হিসেবে নিতে চায় এবং জনগণের উন্নয়নের টাকা লুট করে ব্যাংকঋণ শোধ করার পরিকল্পনা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলমত নির্বিশেষে তিনি ছিলেন সবার প্রিয় নেতা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাকে দীর্ঘদিন কারাবন্দি রেখে তিলে তিলে হত্যা করেছে। তবুও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে রাজনীতির এই ধারা অব্যাহত রাখার কথা জানান তিনি।
দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, অধ্যাপক লোকমান হোসাইন, পৌর জামায়াতের আমির মো. ফেরদৌস আহমেদ এবং এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার।