রাতে বিএনপির জরুরি বৈঠক, চেয়ারম্যান হতে পারেন তারেক রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক আহ্বান করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, বৈঠকে সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, এটি কোনো নিয়মিত পূর্বনির্ধারিত বৈঠক নয় এবং আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো এজেন্ডাও ঘোষণা করা হয়নি। তবে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, এই বৈঠকেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আলোচনা রয়েছে।
দলের একাধিক শীর্ষ নেতার মতে, বর্তমান জাতীয় রাজনৈতিক পরিস্থিতি, নতুন বছরের সূচনা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতৃত্বকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া জরুরি। সে কারণেই জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন।
এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, খুব শিগগিরই তারেক রহমানকে দলের চেয়ারম্যান নির্বাচিত করা হবে।
উল্লেখ্য, ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।