মতভিন্নতা থাকলেও জোট প্রক্রিয়া এগিয়ে যাবে: নাহিদ ইসলাম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম
মতভিন্নতা থাকলেও চলমান জোট প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ভিন্নমত থাকা স্বাভাবিক হলেও জোটের রাজনৈতিক গুরুত্ব ও লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবেই এগিয়ে যাওয়া হবে।
বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১০ দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। ওই বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় আসন সমঝোতার এই জোট কেবল নির্বাচনকেন্দ্রিক নয়; এর একটি রাজনৈতিক তাৎপর্য ও জনআকাঙ্ক্ষার বিষয় জড়িত রয়েছে। তিনি বলেন, “এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং সংস্কার, দুর্নীতি ও আধিপত্যবাদবিরোধী আমাদের যে এজেন্ডা রয়েছে, সেগুলো সামনে রেখেই আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেব।”
তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে একটি উন্নত পর্যায়ে নিয়ে যাওয়াই জোটের লক্ষ্য। এ জন্য জোটের সব দল একে অপরকে সহযোগিতা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মতভিন্নতা প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, খুব অল্প সময়ের মধ্যে জোট প্রক্রিয়া নতুন একটি পর্যায়ে পৌঁছেছে বলেই কিছু মতপার্থক্য দেখা দিচ্ছে। তবে আলোচনার মাধ্যমেই এসব সমস্যার সমাধান করা হচ্ছে। “আমরা সর্বোচ্চ চেষ্টা করব, জোটটি যেন অটুট থাকে। তবে কারও ভিন্নমত থাকলেও জোট প্রক্রিয়া এগিয়ে যাবে,” বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আসন সমঝোতার অর্থ হলো—জোটের প্রার্থী হিসেবে সবাই সবার পক্ষে কাজ করবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নির্বাচন পরিচালিত হবে।