বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:১৪ পিএম

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৩৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে আমির হামজা লেখেন, “গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত, ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ—আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের লড়াই শুরু করেছি, তা যেন প্রতিষ্ঠিত হয় এবং আমার তিন কন্যা সন্তানের দিকে একটু খেয়াল রাখেন।”

এদিকে, তার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল করেছেন একদল নারী। প্রায়ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার অভিযোগে রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বটতৈল মোড় থেকে মিছিলটি বের হয়ে চৌড়হাসে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হত্যার হুমকির বিষয়ে গণমাধ্যমকে আমির হামজা বলেন, ঈশ্বরদীর বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব একটি টেলিভিশন টকশোতে সরাসরি বক্তব্য দিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও কয়েকটি পোস্ট তিনি দেখেছেন। এসব বিষয় পর্যালোচনা করে সোমবার সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন বলেও উল্লেখ করেন।

রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো প্রসঙ্গে তিনি বলেন, মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের ডেকেছেন। সেখানে নির্বাচনের পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এর আগেও নির্বাচনি আচরণবিধি নিয়ে বৈঠক হয়েছে।

এ বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়াদ্দার বলেন, পুরোনো একটি বিষয় সামনে এনে যেভাবে রাজনীতি করা হচ্ছে, তা কোনোভাবেই কাম্য নয়। এটি নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টা। হত্যার হুমকির বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে আমির হামজার একটি পুরোনো ভিডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে তিনি আরাফাত রহমান কোকোকে নিয়ে মন্তব্য করেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করে জানান, বক্তব্যটি ২০২৩ সালের এবং সে সময়ই তিনি ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970