আমিরের জন্য ‘তারেক রহমানের সমান’ নিরাপত্তা চাইল জামায়াত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:২০ পিএম
দলের আমিরের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমান নিরাপত্তা প্রটোকল দাবি করেছে জামায়াতে ইসলামী। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে জামায়াতের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
বিকেলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন- নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “একটি দলের প্রধানকে অতিরিক্ত প্রটোকল বা নিরাপত্তা দিয়ে সরকার পক্ষপাতমূলক আচরণ করছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে জামায়াতের আমিরকেও সমপরিমাণ নিরাপত্তা দিতে হবে।”
নির্বাচনের স্বচ্ছতা প্রসঙ্গে তিনি বলেন, “প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য আমরা অনুরোধ করেছি। প্রধান উপদেষ্টা এ বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
নির্বাচনী পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাহের আরও বলেন, “কিছু জেলায় ডিসি ও এসপির আচরণ পক্ষপাতমূলক। আমরা তাঁদের একটি তালিকা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছি। পাশাপাশি একটি বিশেষ দলের চাপে দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিদের মনোনয়নপত্র বৈধ করা হচ্ছে বলেও অভিযোগ জানিয়েছি।”
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সম্মান জানিয়ে তিনি ঘোষণা দেন, দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট কোনো প্রার্থী দেবে না।
উল্লেখ্য, এর আগে গত ১৫ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।