বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ সহজ নয়: দ্য ডিপ্লোম্যাট

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে যে চিত্র স্পষ্ট হচ্ছিল, বাস্তবে তা ক্রমেই জটিল হয়ে উঠছে। জনমত জরিপে এগিয়ে থাকলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জন্য ক্ষমতায় যাওয়ার পথ মোটেও মসৃণ নয় বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাট। বিশেষ করে জামায়াতে ইসলামীর দ্রুত শক্তি সঞ্চয় বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বলে বিশ্লেষণে উঠে এসেছে।

ভারতীয় সাংবাদিক ও দ্য ডিপ্লোম্যাট-এর দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক সুধা রামচন্দ্রন ‘বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির সম্ভাবনা বাড়াতে পারে আওয়ামী লীগের সমর্থকরা’ শীর্ষক এক নিবন্ধে বলেন, জনমত জরিপে বিএনপি এগিয়ে থাকলেও নির্বাচনী সমীকরণ এখনো অনিশ্চিত। কিছু জরিপে বিএনপির ভূমিধস বিজয়ের আভাস মিললেও, আবার কিছু জরিপে লড়াইকে হাড্ডাহাড্ডি দেখানো হয়েছে।

নিবন্ধে বলা হয়, ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই প্রথম জাতীয় নির্বাচন। আওয়ামী লীগ সরাসরি নির্বাচনে অংশ না নিলেও তাদের বিশাল ভোটব্যাংক ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই ভোটারদের অবস্থানই শেষ পর্যন্ত নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে।

বিশ্লেষণে আরও বলা হয়, একসময় রাজনৈতিক মিত্র হলেও বর্তমানে বিএনপি ও জামায়াত আলাদা জোটে প্রতিদ্বন্দ্বিতা করছে। তরুণ ভোটারদের মধ্যে জামায়াতের বাড়তে থাকা প্রভাব, বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে তাদের সাফল্য এবং শক্তিশালী তৃণমূল সংগঠন বিএনপির জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। ফলে ক্ষমতার লড়াইয়ে বিএনপি এগিয়ে থাকলেও পথ যে সহজ নয়, তা স্পষ্ট।

আওয়ামী লীগ সমর্থক ও ধর্মীয় সংখ্যালঘু ভোটারদের ভোট কোন দিকে যাবে, সেটিও বড় প্রশ্ন। বিএনপি ও জামায়াত— উভয় দলই তাদের টানতে নিজেদের ভাবমূর্তি বদলানোর চেষ্টা করছে। তারেক রহমানের অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের বার্তা বিএনপিকে কিছুটা এগিয়ে রাখলেও, অতীত রাজনৈতিক সমীকরণ ভুলে ভোটাররা কতটা আস্থা রাখবেন, সেটিই এখন মূল অনিশ্চয়তা।

সব মিলিয়ে দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণে বলা হয়েছে, বিএনপি এখনো নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকলেও জামায়াতের উত্থান, আওয়ামী লীগের ভোটব্যাংক এবং সংখ্যালঘু ভোটারদের সিদ্ধান্ত—এই তিনটি বিষয়ই নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970