বিএনপির ফ্যামিলি কার্ড ভুয়া: ডা. তাহের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১০:১৯ পিএম
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির প্রদর্শিত তথাকথিত ফ্যামিলি কার্ডকে ভুয়া বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যারা এসব কার্ড নিয়ে যাবে, তাদের আটক করতে হবে। চিফ ইলেকশন কমিশনার নিজেই বলেছেন—এগুলো বেআইনি এবং নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের আরও অভিযোগ করেন, একটি দল নতুন করে ভারতের সঙ্গে আপস করে আবারও দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। তবে এ দেশের মানুষ, বিশেষ করে চার কোটি যুবসমাজ, এমন ষড়যন্ত্র কখনোই মেনে নেবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, দেশে যেমন মত প্রকাশের স্বাধীনতা থাকবে, তেমনি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করেন, আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। যারা কেন্দ্র দখল করতে আসার চিন্তা করছেন, তাদের উদ্দেশে তিনি বলেন—বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হবেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আগামী ১২ তারিখ বাংলাদেশের রাজনৈতিক গতিপথ নির্ধারিত হবে। ওই দিন সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনসভায় জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।