বিএনপি ফ্যামেলি কার্ড দেওয়ার নামে মানুষকে বিভ্রান্ত করছে: আসিফ মাহমুদ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০১:২৩ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন, বিএনপি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, তরুণ সমাজকে ভাতা দিয়ে পরনির্ভরশীল নয়, আত্মনির্ভরশীল করে গড়ে তুলতেই এনসিপি কাজ করছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা টাউনহল মাঠে এনসিপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন। সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়।

পথসভায় আসিফ মাহমুদ বিএনপির উদ্দেশ্যে বলেন, ভোটাধিকার হরণ, প্রার্থীদের ওপর হামলা এবং নারীদের শ্লীলতাহানির অভিযোগে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। একই পথে হাঁটলে বিএনপির পরিণতিও ভিন্ন হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আগামী নির্বাচনে বিএনপিকে ভূমিধস পরাজয়ের মুখে পড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি।

কুমিল্লা বিভাগ নিয়ে বক্তব্যে এনসিপির এই নেতা বলেন, অতীতে আওয়ামী লীগ কুমিল্লাকে নানা ভাবে বঞ্চিত করেছে। এনসিপি নির্বাচিত হলে এক মাসের মধ্যেই কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় ধানের শীষ, দাঁড়িপাল্লা বা রিকশা—যে প্রতীকেই ভোট দেওয়া হোক না কেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, গণভোটে হ্যাঁ ভোট পড়লেই আওয়ামী লীগের ফিরে আসার পথ চিরতরে বন্ধ হবে।

পথসভা শেষে তিনি কুমিল্লা-৬ আসনের জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এবং কুমিল্লা-৮ আসনের মনোনীত প্রার্থী শফিকুল আলম হেলালের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

এ সময় আরও বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফজা জাহানসহ অন্যান্য নেতারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970