২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান, মাদ্রাসা ময়দানের জনসভায় জনস্রোত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম
দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর থেকে তারেক রহমান হযরত শাহমখদুম (র.) দরগা শরিফে যাবেন। এরপর তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা মঞ্চে আসতে শুরু করেছেন। সাধারণ মানুষও তারেককে দেখতে মাঠের আশপাশে অবস্থান করছেন।
মাঠের অর্ধেক ইতিমধ্যে পূর্ণ, আর আশপাশের এলাকা আরও জনস্রোতে ভরে উঠেছে। শহরের বিভিন্ন এলাকা থেকে মানুষ ধীরে ধীরে মাদ্রাসা ময়দানের দিকে আগাচ্ছে। অনেকের আশা, তারেক রহমান রাজশাহীর উন্নয়নের রূপরেখা এ জনসভা থেকে উপস্থাপন করবেন। কেউ চাইছেন সন্ত্রাসমুক্ত দেশ, কেউ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হোক—এমন দাবি করছেন উপস্থিতরা।
সকাল থেকে মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থানীয় নেতা এবং রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। রাজশাহী জেলা, মহানগর, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নেতাকর্মীরা জনসভায় অংশগ্রহণ করছেন।
রাজশাহীর জনসভা শেষ করে দুপুর সাড়ে ৩টায় তিনি নওগাঁর পথে রওনা দেবেন এবং সন্ধ্যায় এটিএম মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এরপর রাত ৮টায় বগুড়ার আলতাফুন্নেসা মাঠে আরও একটি জনসভায় অংশ নেবেন।
এর আগে ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজশাহী এসেছিলেন তারেক রহমান। এবার দলীয় প্রধান হিসেবে এটি তার প্রথম সফর। এই সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বাসিত। জনসভা থেকে তিনি এ অঞ্চলের মানুষের কাছে নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরবেন এবং ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানাবেন।