রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪০ জনের আগাম জামিন, জামায়াতের উদ্বেগ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম

ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় তিনি গভীর ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহার ঘোষণার মতো একটি প্রশাসনিক ও জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে পরিকল্পিত হামলার মাধ্যমে একজন জনপ্রিয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির জন্যই গভীর বেদনা ও শোকের বিষয়। অথচ ঘটনার রক্তের দাগ শুকানোর আগেই হত্যা মামলার প্রধান আসামিসহ বিপুল সংখ্যক আসামিকে আগাম জামিন দেওয়ায় মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এমন একটি স্পষ্ট ও আলোচিত হত্যাকাণ্ডের মামলায় এ ধরনের সিদ্ধান্ত অপরাধীদের সাহস জোগাবে এবং ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতাকে আরও উৎসাহিত করবে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থাও ক্ষুণ্ন হবে।

বিবৃতিতে তিনি অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করতে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে তিনি প্রত্যাশা করেন, উচ্চ আদালত বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970