আমরা ভারতের কাছে মাথা নত করবো না: ডা. তাহের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম
ভারতের কাছে মাথা নত করা হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, অতীতে অনেক সরকার মনে করত ভারতের তোয়াজ না করলে ক্ষমতায় থাকা যায় না। কিন্তু আমরা তা বিশ্বাস করি না। আল্লাহ ছাড়া কাউকে ভয় না করেই এই পৃথিবীতে চলা যায়।
সোমবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর কেন্দ্রে জামায়াত আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, ১১ দলীয় জোট বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন আসবে। দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ করা হবে। এমনকি নিজের দলের কেউ অন্যায় করলে তাকেও শাস্তির আওতায় আনা হবে। দলীয় পরিচয়ের কারণে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, এবারের নির্বাচন শুধু এমপি নির্বাচনের নয়, এটি বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। গত ৫৬ বছরে বিভিন্ন সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু দল আলাদা হলেও চরিত্রে তেমন পার্থক্য ছিল না। দুর্নীতি, লুটপাট, খুন ও চাঁদাবাজিতে সব সরকারের মধ্যেই মিল ছিল। তবে জুলাই বিপ্লবের পর দেশের রাজনীতিতে পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে।
জামায়াতের এই নেতা বলেন, মানুষের মন জয় করে ঐতিহাসিক বিজয় অর্জন করতে চান তারা। দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দলের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। চৌদ্দগ্রামে অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবে না এবং ইতোমধ্যে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের বরাদ্দ অনুমোদন হয়েছে।
সমাবেশে গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির মো. ইউসুফ মেম্বারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জামায়াত ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।