সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব আবেদন ফি বাতিল করা হবে: জামায়াত আমির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ এএম
নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় গেলে সরকারি চাকরিতে সব ধরনের আবেদন ফি বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়সহ শিক্ষার সব স্তরে ভর্তি পরীক্ষার ফি তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। পাশাপাশি সরকারি চাকরিতে বয়সসীমা বাতিলের কথাও বলা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত নির্বাচনি ইশতেহারে এসব প্রতিশ্রুতি তুলে ধরা হয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
ইশতেহারে বলা হয়েছে, সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে যে ফি নেওয়ার প্রচলন রয়েছে, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে তা সম্পূর্ণভাবে বাতিল করা হবে।
শিক্ষাব্যবস্থা অংশের ১৯ নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে, শিক্ষাকে সহজ ও সর্বজনীন করতে স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়সহ সব স্তরে ভর্তি পরীক্ষার ফি তুলে দেওয়া হবে।
এছাড়া ‘ভিশন: সবার আগে যুবসমাজ’ শীর্ষক অংশের ১০ নম্বর পয়েন্টে বলা হয়েছে, সরকারি চাকরিতে যোগ্যতাই হবে একমাত্র বিবেচ্য, বয়স কোনো বাধা হবে না—এই নীতির বাস্তবায়ন করা হবে।
ইশতেহারে আরও বলা হয়েছে, অষ্টম শ্রেণির পর থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাব্যবস্থাকে চারটি ধারায় ভাগ করা হবে—ইসলামিক শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষা।
শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে জামায়াত ক্ষমতায় এলে শিক্ষাবিদ ও গবেষকদের সমন্বয়ে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি শিক্ষা বাজেট বাড়িয়ে জিডিপির ৬ শতাংশ করার কথাও উল্লেখ করা হয়েছে।
আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে প্রথম দুই সেমিস্টারের ফি সরকার বিনা সুদে বহন করবে। দেশের ভেতরে দরিদ্র শিক্ষার্থীদের জন্য মাসে তিন হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণাও রয়েছে।
এছাড়া স্নাতক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ও মাদরাসার এক লাখ মেধাবী শিক্ষার্থীকে মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা করে সর্বোচ্চ পাঁচ বছরের সুদমুক্ত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগে পৃথক পদ্ধতি ও বেতন কাঠামো চালু করা, সব শিক্ষকের গ্রেড উন্নীত করা এবং মাদরাসা শিক্ষায় বৈষম্য দূর করার কথাও ইশতেহারে উল্লেখ রয়েছে। ক্ষমতায় এলে ইবতেদায়ি মাদরাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের মতো সরকারি করা হবে এবং কওমি শিক্ষা সিলেবাস পরিমার্জন করা হবে বলেও জানানো হয়েছে।
নারীশিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে ইশতেহারে বলা হয়েছে, জামায়াত সরকার গঠন করলে নারীরা স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবেন। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি রোধ, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষাক্রম আধুনিকায়নের নানা পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে।