জামায়াতকে যারা ইসলামি দল বলে তারা বোকার স্বর্গে বাস করে: চরমোনাই পীর
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, যারা জামায়াতকে ইসলামী দল বলে, তারা বোকার স্বর্গে বাস করে। তার ভাষায়, নির্বাচনী ইশতেহারে জামায়াত কোথাও ইসলামের কথা বলেনি; অথচ তার পরও কেউ যদি তাদের ইসলামী দল হিসেবে আখ্যায়িত করে, তবে সেটি বাস্তবতা বিবর্জিত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনার অঙ্গীকার করেছে। তিনি বলেন, জামায়াতসহ অন্যান্য দলও ইশতেহার প্রকাশ করেছে, কিন্তু সেখানে ইসলামের কথা নেই বলেই দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর ইসলামের পক্ষে একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে তারা মাঠে নেমেছিলেন। শুরুতে কয়েকটি ইসলামী দল তাদের সঙ্গে সমঝোতায় থাকলেও, সারাদেশের মানুষের সমর্থন বাড়তে থাকলে দেশপ্রেম ও ইসলামপ্রেমের পরিবর্তে ক্ষমতাপ্রেমীরা সেই ঐক্যে ছোবল দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
দেশ পরিচালনা প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, গত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল, তাদের সময়েই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং বিদেশে গড়ে উঠেছে কুখ্যাত ‘বেগম পাড়া’।
তিনি আরও বলেন, বাংলাদেশ আলেম-ওলামার দেশ। এই পবিত্র ভূমিতে ইসলাম থাকবে না—এটা হতে পারে না। তিনি দাবি করেন, ইসলামী আন্দোলন একা নয়; আল্লাহ, আলেম সমাজ, দেশপ্রেমিক ও ইসলামপ্রেমী জনগণ তাদের সঙ্গে রয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। এছাড়া ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী বক্তব্য রাখেন।