ফ্যামিলি কার্ড ১০ টাকার চাল দেওয়ার মতো ধাপ্পাবাজি: ডা. শফিকুর রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন শুধু সাধারণ নির্বাচন নয়, এটি মা-বোনের সম্মান রক্ষার, শিশুদের নিরাপদ ভবিষ্যতের এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের নির্বাচন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় পিরোজপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনা একসময় ১০ টাকায় চাল দেওয়ার কথা বলেছিল। এখন আরেক দল ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে। এই ফ্যামিলি কার্ডও ১০ টাকার চালের মতোই ধাপ্পাবাজি।”

তিনি আরও বলেন, “দেশে যেসব নারীরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে চাইছেন, তাদের এক দল কাপড় খুলে ফেলার হুমকি দিচ্ছে। অথচ সেই দলের নেতারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

জুলাই আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, শহীদ হাদি, আবু সাঈদ ও মুগ্ধরা বলেছিলেন—‘এই দেশে আর কোনো বৈষম্য থাকবে না’, এবং সেই কারণেই তাদের হত্যা করা হয়েছে। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “এই হত্যার বদলা নিতে আপনাদের কাছে আমরা চাই দুটি ভোট—একটি ‘হ্যাঁ’ ভোট, আরেকটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের ভোট। ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি। আমরা আল্লাহ ছাড়া আর কারো গোলাম হতে চাই না।”

জামায়াত আমির বলেন, ইনসাফের সরকার গড়ে ২৮ লাখ কোটি টাকা পাচারকারীদের মুখ থেকে উদ্ধার করা হবে এবং দেশের উন্নয়নে ব্যবহার করা হবে। তিনি হুঁশিয়ারি দেন, “যারা ভোট চুরির চেষ্টা করবে, তাদের ছেড়ে কথা বলা হবে না। সবাই পাহারা দেবেন যাতে কেউ ভোট কিনতে বা চুরি করতে না পারে।”

বেকার ভাতার নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমরা বেকারদের হাতে কাজ দেবো, যাতে তারা সম্মানের সঙ্গে বাঁচতে পারে। যোগ্যতার ভিত্তিতে সবাইকে কাজ দেওয়া হবে। যেসব কাজ ঝুঁকিপূর্ণ, তার মর্যাদা তত বেশি।”

ডা. শফিকুর রহমান শহীদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর হত্যা প্রসঙ্গও উল্লেখ করে বলেন, “সাঈদী হত্যার বিচার নিশ্চিত করতে আপনার ভোট গুরুত্বপূর্ণ। নির্বাচিত হলে চাঁদাবাজদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না। আমরা শাসক নয়, জনগণের সেবক হয়ে দেশ পরিচালনা করবো। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।”

তিনি যোগ করেন, “ইনশাআল্লাহ, ১৩ ফেব্রুয়ারি হবে ইনসাফের বাংলাদেশের নতুন সূর্যোদয়। দেশ কোনো দলের নয়, দেশ ১৮ কোটি মানুষের।”

জনসভায় পিরোজপুরের তিনটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ভোট প্রার্থনা করেন ডা. শফিকুর রহমান। এছাড়া জেলা ও কেন্দ্রীয় জামায়াত, লেবার পার্টি এবং ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ মিছিল সহকারে জনসভাস্থলে উপস্থিত হন এবং দুপুরের মধ্যে সরকারি বালক বিদ্যালয় মাঠ পুরোপুরি পূর্ণ হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970