জামায়াতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই: চরমোনাই পীর

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম

ছবি: সংগৃহীত

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ক্ষমতার লোভে রাজনীতি করলে নীতি ও আদর্শ থাকে না। ইসলামী আন্দোলন ব্যক্তিগত স্বার্থে নয়, আল্লাহর সন্তুষ্টি, দেশপ্রেম ও মানুষের সেবার উদ্দেশ্যে রাজনীতি করে। এমপি বা মন্ত্রী হওয়ার লক্ষ্য নয়, বরং দেশ, ইসলাম ও মানুষের কল্যাণ নিশ্চিত করাই তাদের রাজনীতির মূল উদ্দেশ্য।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনার পাথরঘাটা হাইস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে, তাদের হাত ধরেই বাংলাদেশ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যার ফলশ্রুতিতে বিদেশে কুখ্যাত ‘বেগমপাড়া’ গড়ে উঠেছে।

জামায়াতের কড়া সমালোচনা করে চরমোনাই পীর বলেন, ৫ আগস্টের পর জামায়াতের প্রকৃত চেহারা জনগণের সামনে স্পষ্ট হয়ে গেছে। জামায়াতের মতো এত বড় মিথ্যাবাদী সংগঠন দুনিয়ায় দ্বিতীয়টি নেই। তিনি দাবি করেন, তারা ক্ষমতায় গেলে শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না। ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার সুস্পষ্ট অঙ্গীকার না থাকায় ওই জোট থেকে বেরিয়ে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, জোট ছাড়ার পর অনেকেই মনে করেছিল ইসলামী আন্দোলন একা হয়ে পড়েছে। বাস্তবে দলটি এখন আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে। সাধারণ মানুষ হাতপাখা প্রতীকে ভোট দিতে মুখিয়ে আছে। আগামী ১২ ফেব্রুয়ারি বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বিজয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জনসভায় বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের উপদেষ্টা ও বরগুনা-১ আসনের প্রার্থী অলিউল্লাহ, ভাওয়ালকারের পীর আবদুল কাদের, জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুর সাকুর এবং ইসলামী আলোচক হাবিবুর রহমান মেজবাহসহ অন্যরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970