ভোলার চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ পিএম
ভোলার চরফ্যাশন উপজেলায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে বিএনপিতে অন্তর্ভুক্ত করা হয়।
যোগদান প্রক্রিয়াটি জামায়াত ইসলামীর চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়ন শাখার সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম নবাগত নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, “বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে আপনারা আমাদের দলে যোগদান করেছেন। এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিজয়ের পথে সহায়ক হবে।”
যোগদানকারী মাওলানা ওমর ফারুক সাংবাদিকদের বলেন, “চরফ্যাশন দুলারহাট থানা এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না। বিএনপির কার্যক্রম আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় আমিসহ ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছি। দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবসময় বিএনপির পাশে থাকব।”
এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই যোগদানের মাধ্যমে বিএনপির স্থানীয় স্তরের রাজনৈতিক শক্তি এবং সংগঠন বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ নির্বাচনে দলে নতুন শক্তি যোগ হওয়া সম্ভব হবে।