নির্বাচনে বামের ভরাডুবি: ১৮২ প্রার্থীর মধ্যে ১৮০ জনের জামানত বাজেয়াপ্ত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে কার্যত ভরাডুবির মুখে পড়েছে দেশের বামপন্থী দলগুলো। দুই জোটে বিভক্ত হয়ে ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এর মধ্যে ১৮০টি আসনেই তাদের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। সব মিলিয়ে এসব আসনে বাম দলগুলোর মোট ভোটের হার দাঁড়িয়েছে মাত্র ০.৩৬ শতাংশ।

নির্বাচনে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সঙ্গে ছিল তিনটি বামঘরানার দল—নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণসংহতি আন্দোলন। পরে নাগরিক ঐক্য আলাদাভাবে নির্বাচন করে। এই তিন দলের ৩৫ জন প্রার্থীর মধ্যে কেবল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জয় পান। বাকি কেউই জামানত রক্ষা করতে পারেননি। এসব আসনে তাদের সম্মিলিত ভোটের হার ছিল ০.১৯ শতাংশ।

অন্যদিকে বিএনপির বাইরে ১০ বাম দলের জোট ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ নিবন্ধিত চারটি দলের প্রতীকে ১৪৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৬৩ আসনে পায় ০.০৮ শতাংশ ভোট। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ৩৬ আসনে ০.০৫ শতাংশ, বাসদ (মার্কসবাদী) ৩৩ আসনে ০.০২ শতাংশ এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল ১৫ আসনে ০.০২ শতাংশ ভোট পায়। সব মিলিয়ে এ জোটের মোট ভোট ০.১৭ শতাংশ।

জোটের শীর্ষ নেতাদের ফলও ছিল হতাশাজনক। সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন নরসিংদী-৪ আসনে পান মাত্র ৮১৭ ভোট। দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফি রতন কুমিল্লা-৫ আসনে পান ১৮৪ ভোট। আর বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান পঞ্চগড়-1 আসনে পান ৩ হাজার ৯ ভোট। কেউই জামানত রক্ষা করতে পারেননি।

তবে ব্যতিক্রম ছিলেন বরিশাল-৫ আসনে বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী। তিনি ২২ হাজার ৪৮৬ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন। কিন্তু প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করতে না পারায় শেষ পর্যন্ত জামানত রক্ষা করতে পারেননি। জোটের অন্য কোনো প্রার্থী পাঁচ হাজার ভোটও পাননি।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটভুক্ত বাম দলগুলোর একটি বড় অংশ এবারের নির্বাচনে অংশ নেয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970