রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা চান জামায়াত আমির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের কঠোর ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির শফিকুর রহমান।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দেশবাসীকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান। তিনি বলেন, রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে তাকওয়া অর্জন, সহনশীলতা চর্চা এবং পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধির সুযোগ রয়েছে।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, রমজান উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নতুন সরকারকে বিশেষ নজর দিতে হবে। অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ইফতার সামগ্রীর দাম বাড়াতে না পারে, সে লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রয়োজনে ভর্তুকির মাধ্যমে চাল, ডাল, তেল, মাছ, মাংস, শাকসবজি, চিনি, খেজুর, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। দরিদ্র ও নিম্নআয়ের মানুষ যেন স্বস্তির সঙ্গে সিয়াম পালন করতে পারেন, সে বিষয়ে সরকারের উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর জনগণ গণতন্ত্র ও মৌলিক অধিকার পুনরুদ্ধারের প্রত্যাশা করছে। তবে একটি মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির।

এছাড়া দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অশ্লীলতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে পবিত্র কোরআনের শিক্ষার আলোকে আত্মশুদ্ধি ও সমাজ পুনর্গঠনে রমজানকে কাজে লাগানোর আহ্বান জানান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970