প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌঁড়ানো আমাকে কষ্ট দেয়: সারজিস
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম
প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানোর ঘটনা তাকে কষ্ট দিয়েছে বলে মন্তব্য করেছেন সারজিস আলম।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা উদ্বোধন করতে গেলে রাকিবুল ইসলাম রাকিবকে তার গাড়ির পেছনে দৌড়াতে দেখা গেছে। তিনি উল্লেখ করেন, রাকিবুল ইসলাম রাকিব ছাত্রদলের সভাপতি এবং তাদের ভাষ্যমতে অভ্যুত্থানের একটি সেক্টরের কমান্ডার। এ দৃশ্য তাকে কষ্ট দিয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, রাকিবের নেতৃত্বে দেশে লাখো ছাত্র রয়েছে। কিন্তু যেভাবে তিনি নেতার পেছনে দৌড়েছেন, তা অতীতের শাসনামলেও দেখা যায়নি বলে মন্তব্য করেন সারজিস।
ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্র রাজনীতিতে নতুন মানদণ্ড তৈরি করতে হবে। এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যা ভবিষ্যতের ছাত্র রাজনীতিকে সঠিক পথে পরিচালিত করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাহিদ ইসলাম। এছাড়া বক্তব্য দেন আখতার হোসেন, সারোয়ার তুষার, আবদুল্লাহ আল আমিন, তারিকুল ইসলাম এবং আল আমিন সরকার প্রমুখ।