ছাত্রদলের রক্ত ঝরালে, রক্তের বদলা নেয়া হবে: রাকিব

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৫:১৪ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছাত্রদলের রক্ত ঝরালে তার জবাব দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রাকিব অভিযোগ করেন, রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-এর লতিফ ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তিনি দাবি করেন, ছাত্রাবাসের কক্ষে ঢুকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা হয়। এতে ছাত্রদলের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে হামলাকারীদের প্রতিহত করা হবে। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন ছাত্রদল সভাপতি।

রাকিব তার বক্তব্যে উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে ছাত্রদলের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি। পলিটেকনিকের সাম্প্রতিক ঘটনার দায় ছাত্রদলের ওপর চাপানোর অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানান রাকিব।

এর আগে মঙ্গলবার রাত ১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-এর লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970