শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে: নাহিদ ইসলাম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকারের আচরণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মতো প্রবণতা দেখা যাচ্ছে। তার দাবি, আগের সরকারের সময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতকে দলীয়করণের অভিযোগ ছিল, আর একই ধরনের লক্ষণ এখনো দেখা যাচ্ছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে আয়োজিত ফরিদপুর বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় বিএনপিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেওয়া এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের আহ্বান জানানো হয়েছে। তিনি সতর্ক করে বলেন, যদি এ বিষয়ে কোনো বিচ্যুতি ঘটে, তাহলে এগারো দল ও জাতীয় নাগরিক পার্টিকেও নিজেদের অবস্থান নতুন করে ভাবতে হবে এবং প্রয়োজনে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, সরকার শপথ নেওয়ার পর থেকেই জুলাই আকাঙ্ক্ষার প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তার মতে, জুলাই গণঅভ্যুত্থানের পর বহু প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হলেও সেই নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। জুলাই সনদের নির্দেশনা অনুযায়ী শপথ নেওয়া হলেও সরকার সে প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম দাবি করেন, জুলাই সনদ অনুযায়ী অনুষ্ঠিত গণভোটে জনগণ ব্যাপকভাবে সংস্কারের পক্ষে মত দিলেও সেই গণভোটের বৈধতা নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে। তার অভিযোগ, সরকারপক্ষের আইনজীবীরা আদালতে গিয়ে গণভোটের বৈধতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন এবং আদালতের ওপরও চাপ প্রয়োগ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। তার অভিযোগ, ৫ আগস্টের পর থেকে এবং সাম্প্রতিক নির্বাচনের পর সরকারের আশ্রয়-প্রশ্রয়ে বিভিন্ন উপায়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এ জন্য মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের কোনো ক্ষমা নেই। তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।”

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ। কিন্তু গত ১৭ বছরে শেখ মুজিবের নাম ও ৭ মার্চের চেতনাকে ব্যবহার করে বিভিন্ন অপকর্ম, লুটপাট, গুম ও হত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখনও একইভাবে মুক্তিযুদ্ধ, শেখ মুজিব ও ৭ মার্চের নাম ব্যবহার করে ফ্যাসিবাদের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখপাত্র সারজিস আলম, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্যা, ফরিদপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির শুরা সদস্য প্রফেসর আব্দুল তাওয়াব এবং জেলা আমির মাওলানা বদরুদ্দীনসহ অন্য নেতারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970